হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি:ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ধারা বাজার এলাকায় মোবাইল কোর্টের অভিযানে প্রায় ২০ লাখ টাকা মূল্যের নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করা হয়েছে। এ সময় সুজন (নাম প্রকাশিত), নামে এক ব্যক্তিকে আটক করা হয়।
মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে ধারা বাজারের একটি গোডাউন থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ চায়না দুয়ারি জাল উদ্ধার করা হয়। জব্দ করা জালের আনুমানিক বাজারমূল্য প্রায় ২০ লাখ টাকা বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
আটক ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫ হাজার টাকা অর্থদণ্ড এবং এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
অভিযান পরিচালনা করেন হালুয়াঘাট উপজেলা মৎস্য কর্মকর্তা শতাব্দী রায়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন হালুয়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহমেদ।
উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ জানায়, নিষিদ্ধ চায়না দুয়ারি জালের ব্যবহার দেশীয় মাছের প্রজনন, পোনা ও অন্যান্য জলজ প্রাণীর জন্য মারাত্মক হুমকি। এ ধরনের জালের উৎপাদন, মজুত, বিক্রি ও ব্যবহার আইনত নিষিদ্ধ। জলজ জীববৈচিত্র্য রক্ষা এবং মৎস্যসম্পদ সংরক্ষণের স্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।


