এস. আর. শরিফুল ইসলাম রতন | লালমনিরহাট প্রতিনিধি | Bartashindhu.com
লালমনিরহাট সদর উপজেলার খোদ সাপটানা গ্রামের বাসিন্দা মো. গোলাম রাব্বানী সোহেল (৫০) আদালতের জারিকৃত গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে ঢাকার পল্টন থানা পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন।
আদালতের নথি অনুযায়ী, রংপুর মহানগর এলাকায় ৪৬ লাখ টাকার একটি চেক ডিজঅনার সংক্রান্ত মামলায় তার বিরুদ্ধে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস অ্যাক্ট, ১৮৮১-এর ১৩৮ ধারায় মামলা দায়ের করা হয়।
মামলার বাদীর অভিযোগ, ব্যবসায়িক লেনদেনের অংশ হিসেবে দেওয়া ৪৬ লাখ টাকার চেক ব্যাংকে উপস্থাপন করলে পর্যাপ্ত অর্থ না থাকায় (Insufficient Fund) সেটি ডিজঅনার হয়। পরে আইন অনুযায়ী নোটিশ পাঠানো হলেও অর্থ পরিশোধ না করায় আদালতে মামলা দায়ের করা হয়। শুনানি শেষে আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
এছাড়া আদালতের নথিপত্র পর্যালোচনায় দেখা যায়, গোলাম রাব্বানী সোহেলের বিরুদ্ধে লালমনিরহাটের বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতসহ বিভিন্ন আদালতে আরও একাধিক চেক ডিজঅনার ও অন্যান্য ফৌজদারি মামলা বিচারাধীন রয়েছে। এসব মামলার মধ্যে সমন, গ্রেপ্তারি পরোয়ানা, জামিন আবেদন এবং আদালতের বিভিন্ন আদেশের নথিও রয়েছে।
সংশ্লিষ্ট আদালতের তথ্য অনুযায়ী, বিভিন্ন বাদী তার বিরুদ্ধে অর্থ লেনদেন, চেক ডিজঅনার এবং অন্যান্য অভিযোগ এনে মামলা দায়ের করেছেন। তবে এসব অভিযোগের বিষয়ে এখনো আদালতের চূড়ান্ত রায় হয়নি এবং মামলাগুলো বিচারাধীন রয়েছে।
আইনজীবীরা বলছেন, বিচারাধীন মামলার ক্ষেত্রে আদালতের চূড়ান্ত রায় না হওয়া পর্যন্ত অভিযুক্ত ব্যক্তিকে আইনগতভাবে দোষী বলা যায় না। অভিযোগগুলোর সত্যতা ও দায়-দায়িত্ব আদালতের চূড়ান্ত সিদ্ধান্তের মাধ্যমেই নির্ধারিত হবে।


