নিজস্ব প্রতিবেদক | Bartashindhu.com
ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ধুরাইল ইউনিয়নের ধুরাইল বাজার এলাকায় সংঘটিত হত্যাচেষ্টার ঘটনায় দায়ের করা একটি মামলায় চারজনের বিরুদ্ধে এফআইআর (FIR) গ্রহণের নির্দেশ দিয়েছেন আদালত।
আদালতের নথি সূত্রে জানা যায়, ভুক্তভোগী মো. রোকন মিয়া বাদী হয়ে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (ক্ষেত্রাধিকার) আমলি আদালত, ময়মনসিংহে একটি নালিশী মামলা দায়ের করেন। অভিযোগ, গত ১৫ জুলাই ২০২৬ রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে হালুয়াঘাট উপজেলার ধুরাইল বাজারে পূর্ববিরোধের জেরে তার ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে গুরুতর জখম করা হয়।
মামলায় অভিযুক্তরা হলেন— ১. মো. রুবেল মিয়া (৩৫), ২. মো. লিটন মিয়া (৪৮), ৩. মো. আজাহার (৩০), ৪. মো. জাংগা মতিন (৫০)।
আদালত অভিযোগপত্র, জখমের চিকিৎসা সংক্রান্ত কাগজপত্র ও অন্যান্য নথি পর্যালোচনা করে ঘটনাটি আমলযোগ্য অপরাধ হিসেবে বিবেচনা করেন। পরে হালুয়াঘাট থানার অফিসার ইনচার্জকে (ওসি) অভিযোগটি এফআইআর হিসেবে রেকর্ড করে তদন্তপূর্বক ৭ দিনের মধ্যে আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।
এদিকে, মামলার এক আসামি আজাহারকে পুলিশ গ্রেফতার করেছে। গ্রেফতারের পর তার সমর্থকদের একটি অংশ সকাল ১০টার মধ্যে তাকে মুক্তি দেওয়ার দাবি জানিয়ে আল্টিমেটাম দিয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
পুলিশ জানিয়েছে, আদালতের নির্দেশনা অনুযায়ী মামলার তদন্ত চলছে এবং তদন্ত শেষে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।


