এস,আর শরিফুল ইসলাম রতন, লালমনিরহাট।
আলোচনা সভা, কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে লালমনিরহাটে উত্তরাঞ্চলের জনপ্রিয় দৈনিক ‘যুগের আলো’র ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
আজ বৃহস্পতিবার বেলা ১২টায় লালমনিরহাট এলজিইডি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে পত্রিকাটির ৩৫ বছরে পদার্পণ উদযাপন করা হয়।
দৈনিক যুগের আলোর লালমনিরহাট জেলা প্রতিনিধি আহমেদুর রহমান মুকুলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক এ.কে.এম মমিনুল হক।
বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) লালমনিরহাট জেলা সংবাদদাতা বিপুল ইসলাম ও দেশ টিভির সাংবাদিক জামাল বাদশা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ.কে.এম মমিনুল হক বলেন, প্রতিষ্ঠাতা রহিম উদ্দিন ভরসার দূরদর্শী নেতৃত্বে যাত্রা শুরু করা দৈনিক যুগের আলো উত্তরাঞ্চলের মানুষের আস্থা অর্জন করেছে। সত্য প্রকাশ ও মানবিক মূল্যবোধ রক্ষায় পত্রিকাটির ভূমিকা প্রশংসনীয়। ভবিষ্যতেও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ধারা অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।
সভাপতির বক্তব্যে আহমেদুর রহমান মুকুল পাঠক, শুভানুধ্যায়ী ও সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, পাঠকের ভালোবাসাই যুগের আলোর মূল শক্তি। গণমানুষের কণ্ঠস্বর হিসেবে পত্রিকাটি বস্তুনিষ্ঠ ও জনকল্যাণমুখী সাংবাদিকতার ধারা অব্যাহত রাখবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল সালাম, সাংবাদিক তৌহিদুল ইসলাম লিটন, এসআর শরিফুল ইসলাম রতন, আনিছুর রহমান লাডলা, মিলন পাটোয়ারী, মাহফুজ সাজু, সাহেদ ও হেলাল কবিরসহ স্থানীয় গণমাধ্যমকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা।
আলোচনা সভা শেষে অতিথিরা কেক কেটে পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন সংগীতশিল্পী ও সাংবাদিক ফারুক আহমেদ সূর্য।
এ সময় স্থানীয় সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, আইনজীবী, গণমাধ্যমকর্মী ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।


