আহমেদ আকবর, সিলেট
সিলেট নগরীর প্রবেশদ্বার হিসেবে পরিচিত আধুনিক কদমতলী কেন্দ্রীয় বাস টার্মিনাল এখন নানা অব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণের অভাবে তার সৌন্দর্য ও কার্যকারিতা হারাতে বসেছে। প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্তে যাতায়াতের জন্য এই টার্মিনাল ব্যবহার করেন অসংখ্য যাত্রী। তাদের স্বস্তিদায়ক যাতায়াত নিশ্চিত করতে প্রায় ১১৭ কোটি টাকা ব্যয়ে টার্মিনালটি আধুনিকায়ন করা হলেও বর্তমানে এর ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন উঠেছে।
সরেজমিনে দেখা গেছে, টার্মিনালের ভেতরে পর্যাপ্ত জায়গা থাকা সত্ত্বেও বাইরের মূল সড়কের ওপর এলোপাতাড়িভাবে বাস রাখা হচ্ছে। এতে সড়কের একটি বড় অংশ দখল হয়ে যাওয়ায় প্রতিনিয়ত যানজট সৃষ্টি হচ্ছে। বিশেষ করে ব্যস্ত সময়ে যানবাহনের চাপ বেড়ে গেলে পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করে। এতে ভোগান্তিতে পড়ছেন সাধারণ যাত্রী, পথচারী ও নগরবাসী।
যাত্রীদের বসার জন্য নির্মিত আধুনিক লাউঞ্জগুলোর অবস্থাও সন্তোষজনক নয় বলে অভিযোগ করেছেন ব্যবহারকারীরা। লাউঞ্জের ভেতরে থাকা অনেক ফ্যান ও লাইট নষ্ট হয়ে পড়ে রয়েছে। বেশ কিছু চেয়ারও ভাঙা অবস্থায় দেখা গেছে। পাশাপাশি ধুলোবালি ও ময়লা-আবর্জনার কারণে পরিবেশ অস্বাস্থ্যকর হয়ে উঠেছে।
এ কারণে অনেক যাত্রী লাউঞ্জের ভেতরে অপেক্ষা না করে বাইরে দাঁড়িয়ে বা বসে থাকতে বাধ্য হচ্ছেন। দীর্ঘ সময় বাসের জন্য অপেক্ষা করা যাত্রীদের জন্য এমন পরিস্থিতি চরম দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
স্থানীয়দের আরও অভিযোগ, টার্মিনালের বিভিন্ন লাউঞ্জ ও আশপাশের এলাকায় মাদকসেবী ও ভবঘুরেদের আনাগোনা বেড়েছে। এতে সাধারণ যাত্রীদের মধ্যে, বিশেষ করে নারী ও শিশুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
একাধিক যাত্রী জানান, কোটি কোটি টাকা ব্যয়ে আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করার উদ্দেশ্যে টার্মিনালটি নির্মাণ করা হলেও নিয়মিত রক্ষণাবেক্ষণ ও সঠিক ব্যবস্থাপনার অভাবে কাঙ্ক্ষিত সেবা পাওয়া যাচ্ছে না। টার্মিনালের ভেতরে বাস রাখার ব্যবস্থা থাকলেও কেন মূল সড়কে বাস দাঁড় করিয়ে রাখা হচ্ছে, তা নিয়েও প্রশ্ন তুলেছেন তারা।
ভুক্তভোগীদের দাবি, টার্মিনালের ভেতরে বাস পার্কিং ও চলাচলের শৃঙ্খলা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে লাউঞ্জের নষ্ট ফ্যান, লাইট ও চেয়ার দ্রুত মেরামত, নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা প্রয়োজন।
স্থানীয়দের মতে, কদমতলী বাস টার্মিনাল সিলেট নগরীর অন্যতম গুরুত্বপূর্ণ প্রবেশপথ। দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা মানুষের কাছে এটি সিলেটের একটি গুরুত্বপূর্ণ পরিচয় বহন করে। তাই টার্মিনালটির পরিবেশ সুন্দর, নিরাপদ ও যাত্রীবান্ধব রাখা জরুরি।
কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত এই আধুনিক বাস টার্মিনালের বর্তমান অব্যবস্থাপনা দূর করে দ্রুত শৃঙ্খলা ও নিরাপত্তা ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ দাবি করেছেন যাত্রী ও স্থানীয়রা।


