ধোবাউড়া (ময়মনসিংহ) প্রতিনিধি:
স্বেচ্ছায় রক্তদানকে উৎসাহিত করা এবং মানবিক কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে ময়মনসিংহের ধোবাউড়ায় ধোবাউড়া ব্লাড ডোনার সোসাইটির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
শনিবার (২২ আগস্ট) সকালে উপজেলার মুন্সিরহাট ফাজিল মাদরাসা মাঠে এ উপলক্ষে আলোচনা সভা ও সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য শেখ শাহীন আহমেদের সভাপতিত্বে এবং আবু রায়হান আজাদীর সঞ্চালনায় সংগঠনের ছয় বছরের বিভিন্ন কার্যক্রম তুলে ধরা হয়।
আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, প্রতিষ্ঠার পর থেকে ধোবাউড়া ব্লাড ডোনার সোসাইটির সদস্যরা স্বেচ্ছায় ৯৩১ জন রোগীকে রক্তদান করেছেন। শুধু রক্তদান নয়, বিভিন্ন দুর্যোগ ও সংকটকালীন সময়েও সংগঠনের সদস্যরা মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করেছেন।
অনুষ্ঠানে বক্তারা স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব তুলে ধরে বলেন, একজন সুস্থ মানুষের সামান্য উদ্যোগে একজন মুমূর্ষু রোগীর জীবন বাঁচতে পারে। তাই সমাজের সামর্থ্যবান ও সুস্থ ব্যক্তিদের নিয়মিত রক্তদানে এগিয়ে আসা প্রয়োজন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ধোবাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোশারফ হোসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধোবাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম, মুন্সিরহাট ফাজিল মাদরাসার অধ্যক্ষ মজিবুর রহমানসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিরা।
বক্তারা ধোবাউড়া ব্লাড ডোনার সোসাইটির ছয় বছরের মানবিক কার্যক্রমের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও সংগঠনের স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
আলোচনা সভা শেষে স্বেচ্ছায় রক্তদানকারী সদস্যদের হাতে সম্মাননা স্মারক ও পুরস্কার তুলে দেওয়া হয়। পাশাপাশি অনুষ্ঠানে উপস্থিত অতিথিদেরও সম্মাননা জানানো হয়।
সংগঠনের সদস্যরা জানান, ভবিষ্যতে আরও বেশি মানুষকে স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধ করা এবং জরুরি সময়ে মুমূর্ষু রোগীদের পাশে দাঁড়ানোর মাধ্যমে মানবিক কার্যক্রম আরও বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে।
ধোবাউড়া ব্লাড ডোনার সোসাইটির ছয় বছর পূর্তির এই আয়োজনের মধ্য দিয়ে স্বেচ্ছায় রক্তদান ও মানবিক সেবার বার্তা আরও ছড়িয়ে পড়বে বলে প্রত্যাশা আয়োজকদের।


