হালুয়াঘাট প্রতিনিধি: এম এইচ রাকিব
ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ধারা ইউনিয়নের ধারা ইউপি–বাবু বাজার সড়কের উন্নয়ন ও পুনর্বাসন কাজের জন্য সরকারি বরাদ্দ নিশ্চিত হয়েছে। জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ সালমান ওমর রুবেলের ডিও লেটারের মাধ্যমে এ বরাদ্দ নিশ্চিত করা হয়।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর আওতায় ধারা ইউপি–বাবু বাজার সড়কের চেইনেজ ০০–৩০০০ মিটার অংশের উন্নয়নকাজ বাস্তবায়নের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে।
স্থানীয়দের দীর্ঘদিনের প্রত্যাশিত এ সড়কের উন্নয়ন হলে ধারা ইউনিয়নসহ আশপাশের এলাকার মানুষের যাতায়াত ব্যবস্থা আরও সহজ ও নিরাপদ হবে। পাশাপাশি কৃষিপণ্য পরিবহন, ব্যবসা-বাণিজ্য ও স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ডেও এর ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে।
এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি পূরণে সড়কটির উন্নয়ন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা। তাদের প্রত্যাশা, দ্রুত প্রকল্পের বাস্তবায়ন শুরু করে নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করা হবে।
সংশ্লিষ্টরা মনে করছেন, গুরুত্বপূর্ণ এ সড়কের উন্নয়ন হালুয়াঘাটের সামগ্রিক যোগাযোগব্যবস্থার উন্নয়ন এবং চলমান উন্নয়ন অগ্রযাত্রাকে আরও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


