হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি | Bartashindhu.com
ময়মনসিংহের হালুয়াঘাটে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটি, উপজেলা চোরাচালান প্রতিরোধ ও টাস্কফোর্স কমিটি এবং উপজেলা মানব পাচার প্রতিরোধ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই ২০২৬) উপজেলা পরিষদ কনফারেন্স রুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহমেদ।
সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে গৃহীত কার্যক্রম, সীমান্তে নজরদারি জোরদার, মানব পাচার প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম, বিভিন্ন সরকারি দপ্তরের সমন্বিত উদ্যোগ এবং জননিরাপত্তা নিশ্চিতকরণে প্রয়োজনীয় বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি), হালুয়াঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি), বিজিবির প্রতিনিধিবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা, জনপ্রতিনিধি ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।
সভায় উপস্থিত সদস্যরা নিজ নিজ দপ্তরের কার্যক্রম ও অগ্রগতি তুলে ধরেন। পাশাপাশি আইন-শৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নয়ন, চোরাচালান দমন এবং মানব পাচার প্রতিরোধে সংশ্লিষ্ট সব সংস্থার সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভা শেষে গৃহীত সিদ্ধান্তসমূহ যথাযথভাবে বাস্তবায়নের মাধ্যমে জনস্বার্থ, সীমান্ত নিরাপত্তা ও জননিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন সভাপতি।
Bartashindhu.com | সত্যের সন্ধানে প্রতিদিন


