ঢাকাMonday , 13 July 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

হালুয়াঘাটে সম্ভাব্য বন্যা পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতি সভা

Link Copied!

হালুয়াঘাটে সম্ভাব্য বন্যা পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতি সভা

মেহেদি হাসান রাকিব | বার্তা সিন্ধু ডট কম

সাম্প্রতিক অতিবৃষ্টি এবং ভারতের মেঘালয় রাজ্য থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে সীমান্তবর্তী ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় সম্ভাব্য বন্যা ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার (১৩ জুলাই) উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহমদ। এতে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সুলতানা রোজী, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যরা।

 

সভায় সম্ভাব্য বন্যা পরিস্থিতি মোকাবিলায় আগাম প্রস্তুতি, আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা, উদ্ধার কার্যক্রম, ত্রাণ বিতরণ, শুকনা খাবার মজুত, বিশুদ্ধ পানি সরবরাহ, স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ এবং জলাবদ্ধতা নিরসনসহ বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

 

ইউএনও ফয়সাল আহমদ বলেন, “সম্ভাব্য বন্যা পরিস্থিতি মোকাবিলায় উপজেলা প্রশাসন সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে। বন্যা দেখা দিলে দ্রুত উদ্ধার কার্যক্রম পরিচালনার জন্য আগাম রেসকিউ বোটের ব্যবস্থা করা হবে। দুর্গত মানুষের জন্য পর্যাপ্ত শুকনা খাবার মজুত রাখা হয়েছে এবং প্রয়োজনীয় ত্রাণ সহায়তা নিশ্চিত করা হবে। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে বিশুদ্ধ পানির ব্যবস্থা নিশ্চিত করা হবে, যাতে বন্যা-পরবর্তী সময়ে পানিবাহিত রোগের প্রাদুর্ভাব না ঘটে। এ বিষয়ে কোনো ধরনের ঘাটতি রাখা হবে না।”

 

তিনি আরও বলেন, “বন্যার সময় সাধারণ মানুষের নিরাপদ আশ্রয়ের জন্য বিভিন্ন আশ্রয়কেন্দ্র নির্ধারণ করা হয়েছে। প্রয়োজন দেখা দিলে দ্রুত এসব আশ্রয়কেন্দ্র চালু করে ক্ষতিগ্রস্ত মানুষকে সেখানে স্থানান্তরের ব্যবস্থা করা হবে।”

 

সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সুলতানা রোজী বলেন, “সম্ভাব্য জলাবদ্ধতা নিরসনে পৌরসভার বিভিন্ন ড্রেন পরিষ্কার করা হয়েছে। ফলে অতিবৃষ্টি হলেও পানি দীর্ঘ সময় আটকে থাকার সম্ভাবনা কম থাকবে বলে আমরা আশা করছি।”

 

সভায় দুর্যোগকালীন সময়ে প্রশাসনের বিভিন্ন বিভাগের মধ্যে সমন্বয় জোরদার, ঝুঁকিপূর্ণ এলাকার পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ এবং জনগণকে সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানানো হয়।

 

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ভারতের মেঘালয় থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও অতিবৃষ্টিজনিত সম্ভাব্য বন্যা পরিস্থিতি মোকাবিলায় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরকে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি যেকোনো জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া দিতে উপজেলা প্রশাসন সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে।