বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের কচুয়া উপজেলার যশোরদী এলাকায় অভিযান চালিয়ে ১৮০ পিস ইয়াবাসহ জাকারিয়া মোল্লা (৩৬) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বাগেরহাট জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
রোববার (৫ জুলাই) দুপুর ১২টা ১৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে তাকে আটক করা হয়। আটক জাকারিয়া মোল্লা যশোরদী গ্রামের বেল্লাল মোল্লার ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে জাকারিয়া মোল্লার বসতবাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তার নিজ দখলীয় বসতঘর থেকে ১৮০ পিস অবৈধ ইয়াবা উদ্ধার করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক (এসআই) মো. আমিরুল ইসলাম বাদী হয়ে কচুয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।


