হালুয়াঘাট প্রতিনিধি | Bartashindhu.com
ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় তীব্র গরমে পথচারী, রিকশাচালক, দিনমজুর ও শ্রমজীবী মানুষের মাঝে প্রান জুড়ানো ঠান্ডা লেবুর শরবত বিতরণ করেছেন তরুণ সমাজসেবক ও মানবিক নেতৃত্ব নাইমুর আরেফিন পাপন।
সম্প্রতি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও জনসমাগমস্থলে এ মানবিক কর্মসূচির আয়োজন করা হয়। প্রচণ্ড রোদ ও গরমে ক্লান্ত মানুষের হাতে এক গ্লাস ঠান্ডা শরবত তুলে দিয়ে তাদের মাঝে স্বস্তি ফিরিয়ে আনার চেষ্টা করা হয়।
শরবত গ্রহণকারী অনেকেই বলেন, বর্তমান তাপদাহে বাইরে কাজ করা অত্যন্ত কষ্টসাধ্য হয়ে উঠেছে। এমন সময়ে এক গ্লাস ঠান্ডা লেবুর শরবত তাদের জন্য অনেক বড় স্বস্তি। তারা এ উদ্যোগের জন্য আয়োজকদের ধন্যবাদ জানান।
নাইমুর আরেফিন পাপন বলেন, “মানুষের কল্যাণে কাজ করাই আমাদের লক্ষ্য। তীব্র গরমে শ্রমজীবী মানুষ সবচেয়ে বেশি কষ্ট ভোগ করেন। তাদের সামান্য স্বস্তি দিতে এই আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।”
স্থানীয় সচেতন মহল মনে করেন, সমাজের বিত্তবান ও তরুণদের এ ধরনের মানবিক উদ্যোগে এগিয়ে আসা উচিত। এতে সমাজে সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ আরও শক্তিশালী হবে।
তরুণ নেতৃত্ব নাইমুর আরেফিন পাপনের এই উদ্যোগ স্থানীয় জনগণের মাঝে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে এবং মানবসেবামূলক কর্মকাণ্ডে অন্যদেরও অনুপ্রাণিত করছে।

