বিশেষ প্রতিনিধি:
মাদক ও জুয়ার বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় দৈনিক যুগান্তর বাংলাদেশ-এর দক্ষিণ সুরমা প্রতিনিধি আহমেদ আকবরকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নান্টু লালের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, সংবাদ প্রকাশের পর সাংবাদিক আহমেদ আকবরের ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ নম্বরে একাধিক ভয়েস মেসেজ পাঠিয়ে তাকে ভয়ভীতি প্রদর্শন ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়। অভিযোগে বলা হয়েছে, ওই ভয়েস বার্তাগুলোতে সংবাদ প্রকাশের পরিণতি ভোগ করার হুমকি দেওয়া হয়েছে।
সাংবাদিক আহমেদ আকবর জানান, তিনি পেশাগত দায়িত্ব পালন করে মাদক ও জুয়ার বিষয়ে সংবাদ প্রকাশ করেছেন। এরপর থেকেই বিভিন্নভাবে তাকে ভয়ভীতি প্রদর্শন ও প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। নিজের নিরাপত্তা নিশ্চিত করতে তিনি আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে সংশ্লিষ্ট থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত করে অভিযুক্তের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগী সাংবাদিক।


