ঢাকাMonday , 29 June 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

উজানের ঢল ও টানা বৃষ্টিতে কুড়িগ্রামের নদ-নদীর পানি বৃদ্ধি, দুধকুমার বিপদসীমার ২৩ সেন্টিমিটার ওপরে

Link Copied!

এম এইচ রাকিব, কুড়িগ্রাম প্রতিনিধি:

ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং টানা ভারি বৃষ্টিপাতের কারণে কুড়িগ্রামের ১৬টি নদ-নদীর পানি বৃদ্ধি পেতে শুরু করেছে। এর মধ্যে দুধকুমার নদের পানি বিপদসীমা অতিক্রম করেছে। এতে নদী তীরবর্তী নিম্নাঞ্চল ও চরাঞ্চলে পানি প্রবেশ করে জনদুর্ভোগের আশঙ্কা দেখা দিয়েছে।

সোমবার (২৯ জুন) সকাল ৯টার তথ্য অনুযায়ী, দুধকুমার নদের পানি পাটেশ্বরী পয়েন্টে বিপদসীমার ২৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া তিস্তা নদীর পানি বিপদসীমার ৬ সেন্টিমিটার নিচ দিয়ে এবং ধরলা নদীর পানি বিপদসীমার ৪০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, উজান থেকে নেমে আসা ঢল এবং টানা বৃষ্টিপাত অব্যাহত থাকায় জেলার সবকটি নদ-নদীর পানি আগামী ৪৮ ঘণ্টায় আরও বৃদ্ধি পেতে পারে। এতে চরাঞ্চল ও নিম্নাঞ্চল প্লাবিত হয়ে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।

এদিকে দুধকুমার নদের পানি বৃদ্ধি পাওয়ায় নদীতীরবর্তী নিম্নাঞ্চল ও চরাঞ্চলের বসতবাড়িতে পানি প্রবেশ করেছে। ইতোমধ্যে আমনের বীজতলা, বিভিন্ন ধরনের সবজিক্ষেত, বাদাম ও পাটক্ষেত পানিতে তলিয়ে গেছে। এতে কৃষকদের মধ্যে উদ্বেগ বাড়ছে।

স্থানীয় বাসিন্দারা জানান, পানি বৃদ্ধি অব্যাহত থাকলে জনজীবন মারাত্মকভাবে ব্যাহত হওয়ার পাশাপাশি কৃষি খাতে বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। তারা প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ এবং ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে প্রশাসনের নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন।

পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করা হচ্ছে।