হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি: এম এইচ (রাকিব)
ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ১২ নম্বর স্বদেশী ইউনিয়নে অবৈধভাবে ব্যাটারি পুড়িয়ে পরিবেশ দূষণের অভিযোগে যৌথ টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে পরিবেশ সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে ঘটনাস্থল থেকে আটক ৭ জনকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত ১২টা থেকে ভোর ৫টা পর্যন্ত উপজেলার স্বদেশী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের স্বদেশী উত্তরপাড়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে থানা পুলিশের সদস্য, র্যাব-১৪, ব্যাটালিয়ন আনসার বাহিনী এবং পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা অংশ নেন।
অভিযান সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, স্বদেশী উত্তরপাড়া এলাকায় একটি স্থানে অবৈধভাবে ব্যাটারি পোড়ানোর মাধ্যমে পরিবেশ দূষণ করা হচ্ছিল। এ ধরনের কার্যক্রমের ফলে আশপাশের এলাকায় ধোঁয়া ও ক্ষতিকর বর্জ্য ছড়িয়ে পরিবেশ ও জনস্বাস্থ্যের ওপর বিরূপ প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।
অভিযানের সময় পরিবেশ সংরক্ষণ আইন লঙ্ঘনের অভিযোগে ঘটনাস্থলে থাকা সাতজনকে আটক করা হয়। পরে আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় এবং প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
এদিকে, অবৈধভাবে পরিচালিত ওই কারখানার সঙ্গে জড়িত ম্যানেজার ও জমির মালিকের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানা গেছে।
অভিযানকালে ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত জব্দ করা হয়। জব্দকৃত আলামতগুলো পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য স্থানীয় ইউপি সদস্যের জিম্মায় দেওয়া হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, পরিবেশের জন্য ক্ষতিকর এ ধরনের অবৈধ ব্যাটারি পোড়ানোর কার্যক্রম দীর্ঘমেয়াদে মাটি, পানি ও বায়ুদূষণের কারণ হতে পারে। ফলে জনস্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষায় নিয়মিত নজরদারি ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, পরিবেশ দূষণ ও অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
বার্তা সিন্ধু ডটকম


