হালুয়াঘাট প্রতিনিধি:
ময়মনসিংহ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে আজ শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামছে হালুয়াঘাট উপজেলা ফুটবল দল। প্রতিপক্ষ শক্তিশালী মুক্তাগাছা উপজেলা দল।
ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য গুরুত্বপূর্ণ এই ম্যাচে জয় পেয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করতে মরিয়া দুই দলই। ফলে ম্যাচটিকে ঘিরে হালুয়াঘাট ও মুক্তাগাছার ফুটবলপ্রেমী সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।
এর আগে গত ২৭ আগস্ট অনুষ্ঠিত ম্যাচে ধোবাউড়া উপজেলা দলকে ৩-০ গোলের ব্যবধানে পরাজিত করে কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করে হালুয়াঘাট উপজেলা দল। ওই ম্যাচে দারুণ পারফরম্যান্সের মাধ্যমে জয় তুলে নেওয়ার পর দলের খেলোয়াড়দের আত্মবিশ্বাসও বেড়েছে।
ধোবাউড়ার বিপক্ষে দুর্দান্ত জয়ের ধারাবাহিকতা ধরে রেখে আজ মুক্তাগাছার বিপক্ষেও জয় তুলে নিতে চায় হালুয়াঘাট। অন্যদিকে শক্তিশালী প্রতিপক্ষ হালুয়াঘাটকে হারিয়ে টুর্নামেন্টের শেষ চার নিশ্চিত করাই মুক্তাগাছা উপজেলা দলের লক্ষ্য।
সেমিফাইনালে ওঠার লড়াই হওয়ায় দুই দলের খেলোয়াড়দের মধ্যে মাঠে হাড্ডাহাড্ডি প্রতিদ্বন্দ্বিতার প্রত্যাশা করছেন ফুটবলপ্রেমীরা। গুরুত্বপূর্ণ এই ম্যাচে হালুয়াঘাট উপজেলা দল নিজেদের সেরা একাদশ নিয়েই মাঠে নামবে বলে জানা গেছে।
হালুয়াঘাটের সমর্থকদের প্রত্যাশা, দলটি আগের ম্যাচের মতো পরিকল্পিত ও আক্রমণাত্মক ফুটবল খেলতে পারলে মুক্তাগাছার বিপক্ষেও জয় তুলে নিয়ে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে জায়গা করে নিতে সক্ষম হবে।
আজকের এই ম্যাচের ফলাফলের দিকেই এখন তাকিয়ে রয়েছেন হালুয়াঘাট উপজেলার ফুটবলপ্রেমী মানুষ।


