ঢাকাSaturday , 29 August 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

কুয়াকাটা উপকূলে জেলের জালে ধরা পড়ল বিরল টাইটান ট্রিগারফিশ

Link Copied!

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: বার্তা সিন্ধু ডট কম

কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে জেলের জালে ধরা পড়েছে বিরল প্রজাতির একটি টাইটান ট্রিগারফিশ। স্থানীয় জেলেদের কাছে মাছটি ‘চামড়া মাছ’ নামে পরিচিত। মাছটি দেখতে ভিন্নধর্মী হওয়ায় স্থানীয়দের মধ্যে ব্যাপক কৌতূহলের সৃষ্টি হয়েছে।

শনিবার (২৯ আগস্ট) সকালে মহিপুর মৎস্য বন্দরের মুন ফিস আড়তে অন্যান্য সামুদ্রিক মাছের সঙ্গে মাছটি নিয়ে আসেন জেলেরা। প্রায় ৯০০ গ্রাম ওজনের মাছটি আড়তে প্রদর্শিত হলে স্থানীয় মানুষ, জেলে ও মাছ ব্যবসায়ীরা সেটি একনজর দেখতে ভিড় করেন।

জেলেরা জানান, গভীর সমুদ্রে মাছ ধরার সময় তাদের জালে মাছটি ধরা পড়ে। মাছটির আকৃতি ও গঠন সাধারণ সামুদ্রিক মাছের তুলনায় আলাদা হওয়ায় প্রথমে তারা এর পরিচয় সম্পর্কে নিশ্চিত হতে পারেননি। স্থানীয়ভাবে ‘চামড়া মাছ’ নামে পরিচিত হলেও এর বৈজ্ঞানিক পরিচয় সম্পর্কে অধিকাংশ জেলের ধারণা ছিল না।

মহিপুর মৎস্য বন্দরের ব্যবসায়ীরা জানান, মাছটি বিরল হওয়ায় অনেকেই আগ্রহ নিয়ে দেখতে এলেও বিষাক্ত হওয়ার আশঙ্কায় কেউ কিনতে আগ্রহ দেখাননি। পরে বিষয়টি নিয়ে জেলে ও ব্যবসায়ীদের মধ্যে আলোচনা শুরু হয়।

জানা গেছে, টাইটান ট্রিগারফিশ (Balistoides viridescens) সাধারণত ইন্দো-প্যাসিফিক অঞ্চলের প্রবালপ্রাচীর ও উপকূলীয় সামুদ্রিক পরিবেশে বসবাস করে। শক্ত চোয়াল ও স্বতন্ত্র গঠনের কারণে মাছটি সহজেই অন্য প্রজাতি থেকে আলাদা করা যায়।

স্থানীয় মৎস্যজীবীরা মনে করছেন, বঙ্গোপসাগরে সামুদ্রিক জীববৈচিত্র্যের উপস্থিতির একটি ব্যতিক্রমী উদাহরণ হিসেবে এ মাছটির ধরা পড়া গুরুত্বপূর্ণ ঘটনা। বিষয়টি নিয়ে মৎস্য বিশেষজ্ঞদের মতামত জানার আগ্রহও দেখা দিয়েছে স্থানীয়দের মধ্যে।