জয়পুরহাট প্রতিনিধি:
জয়পুরহাটের পুরানাপুল এলাকায় চিলাহাটি থেকে রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের একটি বগির কয়েল স্প্রিং ও বডি ভেঙে ট্রেনটি বিকল হয়ে পড়েছে। এতে উত্তরাঞ্চলের বিভিন্ন রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
শনিবার (২২ আগস্ট) সকালে জয়পুরহাটের পুরানাপুল রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় ও রেলওয়ে সূত্রে জানা গেছে, সকালে চিলাহাটি থেকে রাজশাহীর উদ্দেশে ছেড়ে আসা বরেন্দ্র এক্সপ্রেস পুরানাপুল রেলগেট এলাকা অতিক্রম করার পরপরই একটি বগির কয়েল স্প্রিং ও বডি ভেঙে নিচের দিকে নেমে যায়। এতে ট্রেনটি রেললাইনের ওপর আটকে পড়ে।
বরেন্দ্র এক্সপ্রেসের পরিচালক আনোয়ার হোসেন জানান, স্প্রিং ভেঙে যাওয়ার বিষয়টি দ্রুত বুঝতে পারায় ট্রেনটি নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়েছে। এতে বড় ধরনের দুর্ঘটনা থেকে ট্রেন ও যাত্রীরা রক্ষা পেয়েছেন।
ট্রেনটি বিকল হয়ে রেললাইনে আটকে পড়ায় পার্বতীপুর, সান্তাহার, রাজশাহী ও ঢাকাগামী রুটে ট্রেন চলাচল ব্যাহত হয়। বিভিন্ন স্টেশনে কয়েকটি যাত্রীবাহী ট্রেন আটকা পড়ায় যাত্রীদের দুর্ভোগে পড়তে হয়েছে।
ঘটনার পরপরই রেলওয়ে কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়। পরে পার্বতীপুর ও সান্তাহার থেকে উদ্ধারকারী ট্রেন এবং মেকানিক্যাল বিভাগের সদস্যদের ঘটনাস্থলে পাঠানো হয়েছে বলে জানা গেছে।
জয়পুরহাট রেলস্টেশনের স্টেশন মাস্টার রফিক চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধার ও মেরামতের কাজ চলছে। আনুমানিক দুই ঘণ্টার মধ্যে ট্রেন চলাচল স্বাভাবিক হতে পারে বলে তিনি আশা প্রকাশ করেন।
এদিকে, ট্রেন বিকল হওয়ার কারণে যাত্রীদের মধ্যে সাময়িক উদ্বেগ তৈরি হলেও কোনো হতাহতের ঘটনা না ঘটায় স্বস্তি প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। উদ্ধার কাজ শেষ হলে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক হবে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।


