ফুলপুর প্রতিনিধি: এম এইচ রাকিব
ময়মনসিংহের ফুলপুরে আদালতের রায় বাস্তবায়ন করে প্রশাসনের পক্ষ থেকে জমির দখল বুঝিয়ে দেওয়ার পরও ফের ওই জমি দখলের চেষ্টা করার অভিযোগ উঠেছে। প্রশাসনের পক্ষ থেকে জমির সীমানা চিহ্নিত করে দেওয়া লাল নিশানের খুঁটি উপড়ে ফেলারও অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবার।
ঘটনাটি ঘটেছে ফুলপুর উপজেলার বওলা ইউনিয়নের সুতারপাড়া এলাকায়। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্র ও ভুক্তভোগী পরিবারের সঙ্গে কথা বলে জানা যায়, কালাম তালুকদার ও রমজান তালুকদার সম্পর্কে চাচাতো ভাই। রমজান তালুকদারের প্রায় ৮ শতাংশ জমি কালাম তালুকদারের দখলে থাকায় বিষয়টি নিয়ে আদালতে মামলা হয়। পরে আদালতের রায় রমজান তালুকদারের পক্ষে যায়।
আদালতের রায় বাস্তবায়নের অংশ হিসেবে গত ২১ জুলাই দুপুরে সরেজমিনে ঘটনাস্থলে যান ফুলপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শফিকুল ইসলাম। এ সময় প্রশাসনের পক্ষ থেকে জমির সীমানা নির্ধারণ করে সেখানে লাল নিশান টাঙিয়ে দেওয়া হয় এবং ভুক্তভোগী পক্ষকে জমির দখল বুঝিয়ে দেওয়া হয় বলে দাবি করা হয়েছে।
তবে প্রশাসনের ওই কার্যক্রমের ২০ দিন না যেতেই ফের জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, গত শুক্রবার (৭ আগস্ট) দুপুরে জমিটি নিজেদের দাবি করে কালাম তালুকদার গং প্রকাশ্যে প্রশাসনের দেওয়া লাল নিশানের খুঁটি উপড়ে ফেলে দেন।
পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা ঘটনাস্থলে গিয়ে সন্ধ্যায় পুনরায় খুঁটি পুঁতে দেন। কিন্তু অভিযোগ রয়েছে, ওই রাতেই আবারও সেগুলো উপড়ে ফেলা হয়।
ভুক্তভোগী রমজান তালুকদারের ছেলে আল আমিন বলেন, “আদালতের রায়ের মাধ্যমে আমরা জমির দখল পেয়েছি। প্রশাসন সরেজমিনে এসে লাল নিশান দিয়ে জমির সীমানা চিহ্নিত করে দিয়েছে। এরপরও সেই নিশানের খুঁটি উপড়ে ফেলে আবার জোর করে জমি দখলের চেষ্টা করা হচ্ছে। আমরা প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা চাই।”
স্থানীয়দের অভিযোগ, আদালতের রায় বাস্তবায়ন করে প্রশাসন কোনো জমির সীমানা নির্ধারণ করে দেওয়ার পর সেটি প্রকাশ্যে উপড়ে ফেলার ঘটনা ঘটলে তা আইন ও আদালতের আদেশের প্রতি মানুষের আস্থার জন্য উদ্বেগের বিষয় হয়ে দাঁড়ায়।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্থানীয় বাসিন্দা বলেন, আদালতের রায় ও প্রশাসনের কার্যক্রমের পরও যদি কোনো পক্ষ পুনরায় জমি দখলের চেষ্টা করে, তাহলে এলাকায় বিরোধ আরও জটিল আকার ধারণ করতে পারে। তাই বিষয়টি দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জরুরি।
এ বিষয়ে অভিযুক্ত কালাম তালুকদার গংয়ের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে প্রতিবেদনে তা সংযুক্ত করা হবে।
ভুক্তভোগী পরিবারটি আদালতের রায় ও প্রশাসনের দেওয়া দখল বহাল রাখা এবং পুনরায় দখলের চেষ্টা বন্ধে দ্রুত প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে।


