বার্তাসিন্ধু ডটকম | স্পোর্টস ডেস্ক
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তারকা অলরাউন্ডার ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসান জানিয়েছেন, সরকার তাঁর নিরাপত্তার নিশ্চয়তা দিলে তিনি দেশে ফিরতে প্রস্তুত। দেশে ফিরে তাঁর বিরুদ্ধে থাকা হত্যা মামলাসহ অন্যান্য অভিযোগের বিচারিক প্রক্রিয়ায় অংশ নিতেও রাজি আছেন বলে জানিয়েছেন তিনি।
শ্রীলঙ্কায় চলমান এলপিএলে অবস্থানকালে বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে সাকিব এসব কথা বলেন।
সাকিব জানান, দেশে ফেরার ক্ষেত্রে তাঁর প্রধান শর্ত নিরাপত্তা নিশ্চিত করা। নিরাপত্তার নিশ্চয়তা পেলে তিনি দেশে ফিরে আদালতের মুখোমুখি হতে এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে প্রস্তুত।
তিনি বলেন, “সরকার যদি আমাকে নিশ্চিত করে যে, আমার নিরাপত্তা নিশ্চিত করা হবে, তাহলে আমি দেশে ফিরতে, আদালতের মুখোমুখি হতে এবং প্রয়োজনীয় সব প্রক্রিয়া সম্পন্ন করতে প্রস্তুত।”
এর পাশাপাশি ঘরের মাঠে একটি বিদায়ী সিরিজ খেলে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার ইচ্ছার কথাও জানিয়েছেন বাংলাদেশের এই তারকা ক্রিকেটার।
ছাত্র-জনতার আন্দোলনের পর আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই দেশের বাইরে অবস্থান করছেন সাকিব। তাঁর বিরুদ্ধে বিভিন্ন মামলা দায়ের হলেও তিনি নিজেকে নির্দোষ দাবি করে আসছেন।
রয়টার্সকে সাকিব বলেন, “আমি জানি, আমি কোনো অপরাধ করিনি।”
দেশে ফেরার বিষয়ে সাকিবের এই বক্তব্যের পর তাঁর ভক্ত-সমর্থকদের মধ্যে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে আন্তর্জাতিক ক্রিকেটকে ঘরের মাঠে বিদায় জানানোর তাঁর ইচ্ছা বাস্তবায়িত হবে কি না, সেটিই এখন আলোচনার কেন্দ্রবিন্দু।
বিস্তারিত আসছে..


