ফুলপুরে শ্রদ্ধা, স্মরণ ও সচেতনতায় পালিত হবে জুলাই গণঅভ্যুত্থান দিবস
ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি: জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে ময়মনসিংহের ফুলপুরে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে উপজেলা প্রশাসন।
উপজেলা প্রশাসনের প্রকাশিত কর্মসূচি অনুযায়ী, সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে জুলাই শহিদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিনের কর্মসূচির সূচনা হবে। এরপর জুলাই শহিদদের সংগ্রাম ও দিবসটির তাৎপর্য নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
এ ছাড়া দিনব্যাপী উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল, এতিমখানা, শিশু পরিবার ও অন্যান্য প্রতিষ্ঠানে বিশেষ আলোচনা সভা, বৃক্ষরোপণ কর্মসূচি, পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা এবং জুলাই স্মৃতিচিহ্নে আলোকসজ্জাসহ নানা কর্মসূচি পালিত হবে।
বাদ জোহর উপজেলার বিভিন্ন মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়েছে। পাশাপাশি অন্যান্য ধর্মীয় উপাসনালয়েও দেশের শান্তি, সমৃদ্ধি এবং শহিদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাধনা ত্রিপুরা এক শুভেচ্ছা বার্তায় বলেন, “জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে শহিদ ও আহত জুলাই যোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই। গণতন্ত্র, ন্যায়বিচার ও বৈষম্যবিরোধী চেতনা নিশ্চিত করার এই আন্দোলনের আদর্শকে ধারণ করে উপজেলা প্রশাসন দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। এসব কর্মসূচিতে সর্বস্তরের জনগণের আন্তরিক উপস্থিতি ও অংশগ্রহণ কামনা করছি।”
বার্তা সিন্ধু ডটকম | এম এইচ রাকিব


