নিজস্ব প্রতিবেদক | Bartashindhu.com
যুক্তরাজ্য সফরকালে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে টেলিফোনে কথা বলেছেন—এমন কোনো তথ্য সরকার বা বাংলাদেশের সংশ্লিষ্ট মিশনের কাছে নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।
বৃহস্পতিবার (২৪ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, “যুক্তরাজ্যে অবস্থানকালে রাষ্ট্রপতি শেখ হাসিনার সঙ্গে টেলিফোনে কথা বলেছেন—এমন কোনো তথ্য মন্ত্রণালয় বা বাংলাদেশ মিশন পায়নি। এ বিষয়ে তথ্য-প্রমাণ পাওয়া গেলে তা যথাযথভাবে খতিয়ে দেখা হবে।”
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন মাধ্যমে রাষ্ট্রপতির সঙ্গে শেখ হাসিনার কথিত ফোনালাপ নিয়ে আলোচনা শুরু হয়। এ বিষয়ে সরকারের অবস্থান জানতে চাইলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী স্পষ্ট করেন, সরকার বা সংশ্লিষ্ট মিশনের কাছে এমন কোনো তথ্য নেই।
এ সময় তিনি আঞ্চলিক কূটনীতি নিয়েও কথা বলেন। ভারতের চলমান পরিস্থিতি সম্পর্কে তিনি বলেন, বাংলাদেশ সবসময় দক্ষিণ এশিয়ায় শান্তি ও স্থিতিশীলতা চায়। ভারতের মতো বৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্রে বিদ্যমান যেকোনো সংকট আলোচনার মাধ্যমে সমাধান হবে বলেই ঢাকা প্রত্যাশা করে।
এ ছাড়া পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানকে আগামী সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য ব্রিকস শীর্ষ সম্মেলনে অংশগ্রহণের জন্য ভারত সফরের আমন্ত্রণ জানানো হয়েছে।
তিনি আরও বলেন, ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন দেশ এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের ভিসা কার্যক্রম দ্রুত চালুর লক্ষ্যে সরকার কাজ করছে। এ বিষয়ে সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে নিয়মিত যোগাযোগ ও কূটনৈতিক তৎপরতা অব্যাহত রয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে যেকোনো তথ্য যাচাই-বাছাই করে প্রচার করার আহ্বান জানানো হচ্ছে, যাতে বিভ্রান্তি না ছড়ায়।
— Bartashindhu.com | সত্যের সন্ধানে প্রতিদিন


