নিজস্ব প্রতিবেদক | BartaShindhu.com
ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় ৫ বছর বয়সী শিশু নিছামনিকে গণধর্ষণের পর নির্মমভাবে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার, দৃষ্টান্তমূলক শাস্তি এবং নারী-শিশুর নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুন ২০২৬) দুপুর ১টায় ময়মনসিংহ শহরের টাউন হল মোড়ে প্রতিজ্ঞা যুব সংগঠন, ময়মনসিংহ-এর উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি, শিক্ষার্থী, যুবক-যুবতী এবং বিভিন্ন শ্রেণি-পেশার সচেতন নাগরিক অংশগ্রহণ করেন।
মানববন্ধন শেষে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, শিশু নিছামনির ওপর সংঘটিত এই নৃশংস ও হৃদয়বিদারক ঘটনা পুরো সমাজকে স্তব্ধ করে দিয়েছে। একটি নিষ্পাপ শিশুর প্রতি এমন বর্বরতা কোনো সভ্য সমাজে মেনে নেওয়া যায় না। তারা অবিলম্বে ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
প্রতিজ্ঞা যুব সংগঠন, ময়মনসিংহ-এর সভাপতি মো. মামুন মিয়া বলেন, “নিছামনির প্রতি সংঘটিত এই বর্বরতা মানবতার বিরুদ্ধে জঘন্য অপরাধ। আমরা অপরাধীদের দ্রুত বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানাচ্ছি। বিচারহীনতার সংস্কৃতি বন্ধ না হলে এ ধরনের অপরাধ আরও বৃদ্ধি পাবে।”
সংগঠনের সাধারণ সম্পাদক সুব্রত বর্মন বলেন, “নারী ও শিশুদের বিরুদ্ধে সহিংসতা প্রতিরোধে কঠোর আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। অপরাধীদের কোনো ছাড় দেওয়া যাবে না।”
নারী ও শিশু বিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদৌস মিলি বলেন, “প্রতিটি শিশুর নিরাপদ শৈশব নিশ্চিত করা রাষ্ট্র ও সমাজের দায়িত্ব। নিছামনির মতো আর কোনো শিশুকে যেন এমন নির্মমতার শিকার হতে না হয়, সে জন্য কার্যকর পদক্ষেপ নিতে হবে।”
সংগঠনের সদস্য দেলোয়ার হোসেন বলেন, “আমরা এই ঘটনার নিরপেক্ষ তদন্ত, দ্রুত বিচার এবং অপরাধীদের সর্বোচ্চ শাস্তি দাবি করছি। একই সঙ্গে নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের আরও কার্যকর ভূমিকা প্রয়োজন।”
সমাবেশে বক্তারা নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা বিভিন্ন প্রতিবাদী প্ল্যাকার্ড ও ব্যানার প্রদর্শন করেন এবং দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে স্লোগান দেন।


