হালুয়াঘাট প্রতিনিধি | Bartashindhu.com
ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার কালাপাগলা থেকে বাঘাইতলা সড়কের বেহাল অবস্থা নিয়ে স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। একাধিকবার সংস্কার কাজ সম্পন্ন হওয়ার দাবি করা হলেও বাস্তবে সড়কটির অবস্থার কোনো উল্লেখযোগ্য উন্নতি হয়নি। বরং সামান্য বৃষ্টি হলেই রাস্তার বিভিন্ন অংশে সৃষ্টি হচ্ছে বড় বড় গর্ত, জমছে পানি এবং যান চলাচল হয়ে উঠছে ঝুঁকিপূর্ণ।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, একই সড়কে একাধিকবার উন্নয়ন ও সংস্কার কাজের জন্য সরকারি বরাদ্দ দেওয়া হলেও কাজের মান নিয়ে রয়েছে ব্যাপক প্রশ্ন। কোটি টাকার উন্নয়ন প্রকল্পের কথা শোনা গেলেও বাস্তবে জনগণ পাচ্ছে না তার সুফল।
এলাকাবাসী জানান, দিনের পর দিন, মাসের পর মাস রাস্তার এমন করুণ অবস্থা থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃশ্যমান কোনো উদ্যোগ নেই। স্কুল-কলেজগামী শিক্ষার্থী, রোগী ও সাধারণ যাত্রীদের প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ করে বর্ষা মৌসুমে চলাচল প্রায় অচল হয়ে পড়ে।
স্থানীয়দের ভাষ্য, নির্বাচনের সময় বিভিন্ন জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতারা উন্নয়নের নানা প্রতিশ্রুতি দিলেও বাস্তবে সড়কের সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ দেখা যায় না। ফলে জনগণের মধ্যে হতাশা ও ক্ষোভ দিন দিন বাড়ছে।
সচেতন মহলের দাবি, কালাপাগলা-বাঘাইতলা সড়কের উন্নয়ন কাজের বরাদ্দ, বাস্তবায়ন ও কাজের মান নিয়ে স্বচ্ছ তদন্ত হওয়া প্রয়োজন। পাশাপাশি দ্রুত টেকসই সংস্কার করে সাধারণ মানুষের ভোগান্তি লাঘবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তারা।


