রাজধানীর মিরপুরে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার চার্জশিট আজ আদালতে জমা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, ঈদের ছুটির মধ্যেই বিশেষ আদালত গঠন করে ৫ থেকে ৭ দিনের মধ্যে মামলার বিচার সম্পন্ন করা হবে।
রোববার (২৪ মে) সচিবালয়ে বিএসআরএফ সংলাপে বক্তব্যকালে স্বরাষ্ট্রমন্ত্রী এ তথ্য জানান।
তিনি বলেন, “আসামি ঘটনার পরপরই আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। সেই জবানবন্দিতে তার স্ত্রীর সম্পৃক্ততার কথাও উঠে এসেছে। এজন্য তাকেও গ্রেফতার করা হয়েছে।”
স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, “গতকালই আমরা পোস্টমর্টেম রিপোর্ট হাতে পেয়েছি। প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সংযুক্ত করে চার্জশিট প্রস্তুতের কাজ রাতের মধ্যেই সম্পন্ন হয়েছে। আজ আদালতে তা জমা দেওয়া হবে।”
তিনি বলেন, সামাজিক মূল্যবোধের অবক্ষয় ও অপসংস্কৃতির প্রভাবের কারণে ধর্ষণের মতো অপরাধ বাড়ছে। তবে গত তিন মাসে সংঘটিত ধর্ষণের ঘটনায় কোনো আসামিই ছাড় পায়নি বলে দাবি করেন তিনি।
আরো পড়ুনঃ- রামিসা ধর্ষণ-হত্যা: ফরেনসিক রিপোর্টে যেসব তথ্য জানা গেল
এছাড়া অনলাইন ও অফলাইন জুয়া নিয়ন্ত্রণে সরকার নতুন আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, জুয়া নিয়ন্ত্রণে কঠোর আইন শিগগিরই মন্ত্রিসভায় উপস্থাপন করা হবে।
একই অনুষ্ঠানে শেখ হাসিনাকে বন্দি বিনিময় চুক্তির আওতায় আইনি প্রক্রিয়ায় দেশে আনার বিষয়েও সরকারের উদ্যোগের কথা উল্লেখ করেন তিনি।


