ঢাকাWednesday , 9 September 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

আড্ডার সময় মেঘনার পাড় ধসে নদীতে দুই বন্ধু নিখোঁজ

bartashindhu
September 9, 2026 10:54 pm
Link Copied!

ভোলা প্রতিনিধি | বার্তাসিন্ধু ডটকম

ভোলার মেঘনা নদীর তীরে বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছেন দুই তরুণ। নদীভাঙনের কবলে পড়ে তীর সংরক্ষণ বাঁধের জিওব্যাগ ধসে নদীতে তলিয়ে যান তারা। ঘটনার ১২ ঘণ্টারও বেশি সময় পেরিয়ে গেলেও নিখোঁজ দুই বন্ধুর কোনো সন্ধান মেলেনি। এ ঘটনায় পরিবার-স্বজনদের মাঝে নেমে এসেছে শোকের ছায়া, আর স্থানীয়দের মধ্যে বিরাজ করছে উদ্বেগ।

বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় ভোলা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের ‘গরিবের দুবাই’ খ্যাত বালুর মাঠ সংলগ্ন মেঘনা নদীর তীরে এ ঘটনা ঘটে।

নিখোঁজ দুই তরুণ হলেন ভোলা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের মো. ইব্রাহিম মিয়ার ছেলে আমজাদ হোসেন (২৭) এবং শিবপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাবুল হোসেনের ছেলে রাকিব আহমেদ (২২)।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যায় পাঁচ বন্ধু নদীর তীরে সংরক্ষণ বাঁধের জিওব্যাগের ওপর বসে গল্প করছিলেন। একপর্যায়ে হঠাৎ নদীর তীরের একটি অংশ ধসে পড়লে সবাই নদীতে পড়ে যান। এ সময় ফাহিম (২২), আবদুল্লাহ (২৫) ও সাগর (২৫) সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও আমজাদ ও রাকিব নদীর স্রোতে নিখোঁজ হয়ে যান।

ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্বজন ও স্থানীয়রা দ্রুত নদীর তীরে ছুটে আসেন। নিখোঁজ দুই তরুণের পরিবারের সদস্যদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পুরো এলাকা।

খবর পেয়ে ফায়ার সার্ভিস, কোস্টগার্ড ও নৌ-পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। তবে রাত গভীর হওয়া এবং পর্যাপ্ত উদ্ধার সরঞ্জামের অভাবে সাময়িকভাবে অভিযান বন্ধ রাখতে হয়।

ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সজল চন্দ্র জানান, নিখোঁজদের উদ্ধারে সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। বরিশাল থেকে একটি বিশেষ ডুবুরি দল ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে। তারা পৌঁছানোর পর পুনরায় উদ্ধার অভিযান জোরদার করা হবে।

সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত নিখোঁজ আমজাদ হোসেন ও রাকিব আহমেদের কোনো সন্ধান মেলেনি। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।