অনলাইন ডেস্ক, Bartashindhu.com
হালুয়াঘাট, ময়মনসিংহ:
ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার নাগলা বাজার থেকে বাহির শিমুল বাজার পর্যন্ত সড়কটির সংস্কার ও উন্নয়ন কাজের ধীরগতি এবং বেহাল দশার কারণে সাধারণ মানুষের ভোগান্তি চরম আকারে পৌঁছেছে। এরই ধারাবাহিকতায় আজ খন্ডল এলাকায় রাস্তার একপাশে একটি পাথর বোঝাই ট্রাক দেবে গিয়ে আটকে যাওয়ার ঘটনা ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নাগলা বাজার থেকে বাহির শিমুল বাজার পর্যন্ত রাস্তার কাজের জন্য পাথর নিয়ে যাওয়ার সময় ট্রাকটি খন্ডল এলাকায় পৌঁছালে এই দুর্ঘটনা ঘটে। রাস্তার বেহাল অবস্থার কারণে ট্রাকটির একদিকের চাকা মাটি ও ইটের গাঁথুনি ভেঙে নিচের দিকে দেবে যায়। ফলে ওই রুটে অন্যান্য যানবাহন চলাচল সাময়িকভাবে বিঘ্নিত হচ্ছে এবং তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে এই গুরুত্বপূর্ণ সড়কটির কাজ চলায় এবং সঠিক রক্ষণাবেক্ষণ না হওয়ায় সামান্য বৃষ্টি বা ভারী গাড়ি গেলেই রাস্তা ধসে পড়ছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক স্থানীয় বাসিন্দা জানান, “রাস্তাটির কাজ দ্রুত শেষ করার কথা থাকলেও কাজের গতি অত্যন্ত ধীর। আজ পাথর বোঝাই ট্রাক আটকে যাওয়ার কারণে আমাদের যাতায়াতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে।
কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ
ভুক্তভোগী এলাকাবাসী ও পথচারীরা Bartashindhu.com-এর মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত এই পাথর বোঝাই ট্রাকটি উদ্ধার করে রাস্তাটি চলাচলের উপযোগী করার এবং নাগলা বাজার থেকে বাহির শিমুল বাজার পর্যন্ত সড়কটির নির্মাণ কাজ দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করার জোর দাবি জানিয়েছেন। এবং রাস্তার কন্টাক দার এর সাথে কথা বলে জানা যায় যে দ্রত ট্রাক্ট টি আনলোড এর ব্যবস্থা করো হবে। ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছে।

