সেতু নির্মাণে অনিয়ম হলে তদন্ত হবে, ছাড় নয়: পঞ্চগড়ে পানিসম্পদ প্রতিমন্ত্রী
পঞ্চগড়ের আলোচিত আউলিয়ারঘাটে নির্মাণাধীন ওয়াই ব্রিজ পরিদর্শনে গিয়ে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। তিনি বলেছেন, সেতু নির্মাণে কোনো ধরনের অনিয়ম হলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে এবং কাউকে ছাড় দেওয়া হবে না।
সোমবার (২৫ মে) দুপুরে পঞ্চগড়ের বোদা উপজেলার মাড়েয়া ইউনিয়নের আউলিয়ারঘাটে নির্মিত ওয়াই ব্রিজ পরিদর্শনকালে তিনি প্রকৌশলী ও ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, “যত অনিয়ম আছে সব একটা একটা করে তদন্ত করে দেখবো। একটাও ছাড় নয়।”
পরিদর্শনের সময় তিনি রড, বালি ও সিমেন্টের গুণগত মান যাচাই করেন এবং বলেন, “এই ব্রিজ বারবার তৈরি হবে না, একবারই হবে। তাই দেশের মানুষের স্বার্থে স্বচ্ছতার সঙ্গে কাজ করতে হবে।” তিনি আরও জানান, সিডিউল অনুযায়ী কাজ না হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং প্রয়োজনে জেলেও পাঠানো হতে পারে।
এসময় উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী মাহমুদ জামান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল ইসলাম, স্থানীয় জনপ্রতিনিধি, বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মী ও ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা।
পরে বিকেলে প্রতিমন্ত্রী অসহায় ও ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ ও চাল বিতরণ করেন। এছাড়া তিনি ধাক্কামারা ইউনিয়নের পশ্চিম মিঠাপুকুর রামেরডাঙ্গা এলাকায় করতোয়া নদীর বাম তীর সংরক্ষণে ১৭ কোটি ৩১ লাখ টাকার নদী তীর প্রতিরক্ষা কাজের উদ্বোধন করেন।
দিনের শেষ ভাগে পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম চত্বরে পঞ্চগড় প্রেসক্লাব আয়োজিত মাসব্যাপী হস্ত ও কুটির শিল্প মেলার উদ্বোধন করেন প্রতিমন্ত্রী। কোরবানির ঈদকে সামনে রেখে মেলা সফলভাবে পরিচালনায় স্থানীয়দের সহযোগিতা কামনা করেন তিনি।

