বার্তাশিন্ধু প্রতিবেদন:
মানুষের ভাগ্য নিয়ে আর ছিনিমিনি খেলতে দেয়া হবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, জনগণকে সজাগ থাকতে হবে এবং দেশের ভাগ্য পরিবর্তনে ৪০ কোটি হাতকে এক হতে হবে।
শনিবার (২৩ মে) ত্রিশাল-এ খাল পুনঃখনন কাজের উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, সরকার দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে চায়। তিনি অভিযোগ করেন, রামিসা হত্যাকাণ্ড নিয়ে কেউ কেউ অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে। অন্তর্বর্তী সরকারের সময় যারা নীরব ছিল, তারাই এখন বিভিন্ন ইস্যুতে সোচ্চার হয়ে উঠেছে। পাশাপাশি ৫ আগস্টের বিতাড়িতদের সঙ্গে গোপনে যোগাযোগ বাড়ানোরও অভিযোগ করেন তিনি।
তারেক রহমান বলেন, দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টি হলে সরকারের জনমুখী কর্মসূচি বাধাগ্রস্ত হবে এবং এর ক্ষতি সাধারণ মানুষকেই বহন করতে হবে। তাই যারা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে, তাদের ব্যাপারে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, “সঠিক বিচারকে যারা বাধাগ্রস্ত করছে এবং মানুষকে বিভ্রান্ত করছে, তাদের ব্যাপারেও সবাইকে সজাগ থাকতে হবে।”
বিএনপির পরিকল্পনা ভেস্তে দিতে একটি মহল ষড়যন্ত্র করছে বলেও মন্তব্য করেন তিনি। তবে জনগণ সব ধরনের ষড়যন্ত্র রুখে দেবে বলে আশাবাদ ব্যক্ত করেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, “মানুষের ভাগ্য নিয়ে আর ছিনিমিনি খেলতে দেয়া হবে না। দেশের উন্নয়ন ও পরিবর্তনের জন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।”


