নেত্রকোনার দুর্গাপুর সীমান্তে বন্যহাতির আক্রমণে যুবক নিহত
নেত্রকোনার দুর্গাপুর উপজেলার সীমান্তবর্তী এলাকায় বন্যহাতির আক্রমণে প্রান্ত রাংসা (২২) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি স্থানীয় ভবানীপুর গ্রামের বাসিন্দা লিপসন নকরেকের ছেলে।
বুধবার (৬ মে) দুর্গাপুর থানার ওসি খন্দকার সাকের আহমেদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এর আগে মঙ্গলবার (৫ মে) গভীর রাতে উপজেলার ভবানীপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ধান কাটার মৌসুমে প্রায়ই খাবারের সন্ধানে বন্যহাতির পাল লোকালয়ে প্রবেশ করে। ঘটনার দিনও মধ্যরাতে একটি হাতির দল গ্রামে ঢুকে পড়ে। প্রান্ত রাংসা পাকা ধানক্ষেত পাহারা দিয়ে বাড়ি ফিরছিলেন। এ সময় হঠাৎ তিনি হাতির দলের সামনে পড়ে যান।
হাতির দল দেখে তিনি দৌড়ে পালানোর চেষ্টা করলেও একপর্যায়ে ক্ষিপ্ত হাতির আক্রমণের শিকার হন। কয়েকটি হাতি তাকে শুঁড় দিয়ে টেনে আছাড় মেরে পায়ে পিষ্ট করে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহতের বাবা নিপশন নকরেক বলেন, “আমার ছেলে ধান পাহারা দিতে গিয়েছিল। অন্যরা আগে চলে এলেও সে একা পিছনে আসছিল। একা পেয়ে হাতি তাকে মেরে ফেলেছে।”
ঘটনার পর পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়রা জানান, সীমান্তবর্তী এ অঞ্চলে প্রায়ই বন্যহাতির উপদ্রব দেখা যায়, বিশেষ করে ফসল কাটার মৌসুমে।
দুর্গাপুর থানার পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো. মিজানুর রহমান জানিয়েছেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
- এ ঘটনায় স্থানীয়দের মধ্যে বন্যহাতি প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জোরালো হয়েছে।

