হালুয়াঘাট প্রতিনিধি | এম এইচ রাকিব; আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং দক্ষ জনশক্তি গড়ে তোলার লক্ষ্যে উপজেলা প্রশাসন, হালুয়াঘাট একটি সময়োপযোগী উদ্যোগ গ্রহণ করেছে। এর অংশ হিসেবে উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদে ক্ষুদ্র পরিসরে ১২টি সেলাই প্রশিক্ষণ কেন্দ্র চালু করা হচ্ছে। শিগগিরই এসব কেন্দ্রের কার্যক্রম শুরু হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
উপজেলা প্রশাসনের এই উদ্যোগের ফলে স্থানীয় নারী-পুরুষ, বিশেষ করে বেকার যুবক-যুবতীরা নিজ নিজ ইউনিয়ন পরিষদের মাধ্যমে বিনামূল্যে সেলাই প্রশিক্ষণ গ্রহণের সুযোগ পাবেন। এতে কর্মমুখী দক্ষতা অর্জনের পাশাপাশি আত্মকর্মসংস্থানের নতুন সম্ভাবনা তৈরি হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, প্রশিক্ষণ কার্যক্রমের মাধ্যমে অংশগ্রহণকারীদের ব্যবহারিক দক্ষতা বৃদ্ধি, ক্ষুদ্র উদ্যোক্তা তৈরি এবং স্থানীয় পর্যায়ে কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণে সহায়তা করা হবে।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, “মানুষের দোরগোড়ায় প্রশিক্ষণ সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই ইউনিয়নভিত্তিক সেলাই প্রশিক্ষণ কেন্দ্র চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এতে প্রশিক্ষণ গ্রহণ সহজ হবে এবং অনেকেই আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারবেন।”
আগ্রহী ব্যক্তিদের সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদে যোগাযোগ করে আবেদন করার আহ্বান জানানো হয়েছে।
এদিকে, উপজেলার ১২টি ইউনিয়নে “১২টি সেলাই প্রশিক্ষণ কেন্দ্র” বাস্তবায়নের এই উদ্যোগ সফল করতে জনপ্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং সর্বস্তরের জনগণের আন্তরিক সহযোগিতা কামনা করেছে উপজেলা প্রশাসন।
স্থানীয় সচেতন মহলের মতে, ইউনিয়ন পর্যায়ে এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম সম্প্রসারিত হলে দক্ষ জনশক্তি তৈরির পাশাপাশি গ্রামীণ অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে।
M.H. - Rakib
© স্বত্ব সংরক্ষিত © বার্তা সিন্দু ডট কম