ময়মনসিংহ প্রতিনিধি: এম এইচ রাকিব: “সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি” প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহে সামাজিক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থান বিষয়ক নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) জেলা প্রশাসন, ময়মনসিংহ এবং দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের যৌথ আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সংলাপ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুর রহমান।
সংলাপে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, ধর্মীয় নেতৃবৃন্দ, সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। উন্মুক্ত আলোচনায় বক্তারা ধর্ম-বর্ণ নির্বিশেষে পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা, সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
বক্তারা বলেন, সামাজিক সম্প্রীতি বজায় রাখতে গুজব ও বিদ্বেষমূলক প্রচারণা প্রতিরোধ, তরুণ সমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা এবং সামাজিক বিভাজন দূরীকরণে সম্মিলিত উদ্যোগ গ্রহণ জরুরি। তারা আরও বলেন, পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহমর্মিতা ও সহনশীলতার চর্চাই একটি শান্তিপূর্ণ ও সম্প্রীতিময় সমাজ গঠনের মূল ভিত্তি।
আলোচনায় অংশগ্রহণকারীরা মত দেন যে, সামাজিক সম্প্রীতি রক্ষায় পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠান, গণমাধ্যম এবং নাগরিক সমাজকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
নাগরিক সংলাপ শেষে শান্তি, সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানকে আরও সুদৃঢ় করার মাধ্যমে একটি বৈষম্যহীন, মানবিক ও সৌহার্দ্যপূর্ণ বাংলাদেশ গঠনে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
M.H. - Rakib
© স্বত্ব সংরক্ষিত © বার্তা সিন্দু ডট কম