আহমেদ আকবর | সিন্ধু ডটকম
ক্যালেন্ডারের হিসাবে দিনটি ছিল ৫ আগস্ট। কিন্তু ২০২৪ সালের এই দিনটি বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাসে স্থান করে নেয় সম্পূর্ণ ভিন্ন এক পরিচয়ে—‘৩৬ জুলাই’ হিসেবে। শেখ হাসিনা সরকারের পতন ও দেশত্যাগের পর ছাত্র-জনতার বিজয়োল্লাসে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে রাজপথ—সবখানেই ছড়িয়ে পড়ে এই প্রতীকী নাম।
২০২৪ সালের ১ জুলাই সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন শুরু হয়। ১৬ জুলাই থেকে পুলিশ ও আওয়ামী লীগের সশস্ত্র ক্যাডারদের হামলায় প্রাণহানির ঘটনা শুরু হলে আন্দোলন দ্রুত সারাদেশে ছড়িয়ে পড়ে। পরে শিক্ষার্থীদের ডাকা ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি, দেশজুড়ে গণবিক্ষোভ এবং নানা রাজনৈতিক ঘটনার মধ্য দিয়ে আন্দোলন একপর্যায়ে সরকার পতনের এক দফা দাবিতে রূপ নেয়।
আন্দোলনের পুরো জুলাইজুড়ে বহু শিক্ষার্থী ও সাধারণ মানুষের প্রাণহানির ঘটনায় আন্দোলনকারীদের মধ্যে একটি প্রতীকী শপথ তৈরি হয়—দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের সংগ্রামের ‘জুলাই’ শেষ হবে না। সেই বিশ্বাস থেকেই আগস্টের প্রথম দিন থেকে নতুন মাস শুরু না করে দিনগুলোকে জুলাইয়ের ধারাবাহিক অংশ হিসেবে গণনা করা হয়।
সে হিসাবে ১ আগস্ট ছিল ‘৩২ জুলাই’, ২ আগস্ট ‘৩৩ জুলাই’, ৩ আগস্ট ‘৩৪ জুলাই’, ৪ আগস্ট ‘৩৫ জুলাই’ এবং ৫ আগস্ট হয়ে ওঠে ‘৩৬ জুলাই’।
সময়ের সঙ্গে ‘৩৬ জুলাই’ একটি তারিখের গণ্ডি ছাড়িয়ে আন্দোলনের স্মৃতি, আত্মত্যাগ এবং বিজয়ের প্রতীকে পরিণত হয়েছে। আন্দোলনে অংশ নেওয়া বহু মানুষের কাছে এটি কেবল ক্যালেন্ডারের ব্যতিক্রম নয়; বরং এমন এক দিনের নাম, যেদিন দীর্ঘ আন্দোলনের পর ক্ষমতার পরিবর্তনের মধ্য দিয়ে তারা নিজেদের সংগ্রামের পরিণতি দেখেছেন।
M.H. - Rakib
© স্বত্ব সংরক্ষিত © বার্তা সিন্দু ডট কম