
এম এইচ রাকিব | বার্তা সিন্দু ডট কম | হালুয়াঘাট, ময়মনসিংহ
ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ধারা বাজারে অনুষ্ঠিত মাদকবিরোধী মানববন্ধনে বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে ধুরাইল কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব এবং জামিয়া রাশেদিয়া মহিলা মাদ্রাসার শিক্ষক মাওলানা নুরুল্লাহ বিন জিহাদী প্রাণনাশের হুমকি পাওয়ার অভিযোগ তুলেছেন।
জানা যায়, গত দুই দিন আগে ধারা বাজারে মাদক, জুয়া ও অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে আয়োজিত গণমিছিল ও মানববন্ধনে বক্তব্য দেওয়ার সময় তিনি এলাকায় মাদক নির্মূলে প্রশাসনের কঠোর ভূমিকা এবং সমাজের সম্মিলিত প্রতিরোধের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। বক্তব্যে তিনি কয়েকজন কথিত মাদক ব্যবসায়ীর নামও উল্লেখ করেছেন বলে জানা গেছে।
এরপর থেকেই অজ্ঞাত এক ব্যক্তির কাছ থেকে তিনি প্রাণনাশের হুমকি পাচ্ছেন বলে অভিযোগ করেন। এ ঘটনায় এলাকায় উদ্বেগ সৃষ্টি হয়েছে।
স্থানীয় সচেতন মহল মাদকবিরোধী কার্যক্রমে অংশগ্রহণকারী আলেম-ওলামা, সমাজসেবক ও সচেতন নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন। তারা হুমকিদাতাকে দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনারও দাবি জানান।
এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। এছাড়া অভিযোগের বিষয়ে অভিযুক্ত বা সংশ্লিষ্ট ব্যক্তির বক্তব্যও পাওয়া সম্ভব হয়নি।
বার্তা সিন্দু ডট কমের পক্ষ থেকে এ বিষয়ে প্রশাসনের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে প্রকাশ করা হবে।
M.H. - Rakib
© স্বত্ব সংরক্ষিত © বার্তা সিন্দু ডট কম