বার্তা সিন্ধুর প্রতিবেদন প্রকাশের পর প্রশাসনের দ্রুত পদক্ষেপ
নাগলা বাজার থেকে বাহির শিমুল বাজার পর্যন্ত সড়ক নির্মাণকাজে অনিয়মের অভিযোগ তুলে এলাকাবাসী ও বার্তা সিন্ধু (bartashindhu.com) প্রতিবেদন ও ভিডিও প্রকাশ করে। বিষয়টি পরবর্তীতে হালুয়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মহোদয়ের নজরে আনা হলে তিনি তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট প্রকৌশলীকে (ইঞ্জিনিয়ার) বিষয়টি তদন্তের নির্দেশ দেন।
এরপর সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ার সরেজমিনে কর্মস্থলে উপস্থিত হয়ে কাজের মান যাচাই করেন। তদন্তে দেখা যায়, ইটের সুরকির পরিবর্তে ইটের রাবিশ ব্যবহার করা হয়েছিল। পরে যে গাড়িগুলোতে করে রাবিশ আনা হয়েছিল, সেগুলোর সব রাবিশ নির্মাণস্থল থেকে সরিয়ে সাইডে ফেলে দেওয়া হয়।
এ সময় ইঞ্জিনিয়ার মহোদয় বার্তা সিন্ধু এবং স্থানীয় জনগণকে আশ্বস্ত করেন যে, নাগলা বাজার থেকে বাহির শিমুল বাজার পর্যন্ত সড়ক নির্মাণকাজে কোনো ধরনের অনিয়ম বরদাস্ত করা হবে না। তিনি আরও জানান, কাজের গুণগত মান নিশ্চিত করে নির্ধারিত নিয়ম অনুযায়ী সড়ক নির্মাণ করা হবে।
স্থানীয়রা প্রশাসনের এই দ্রুত পদক্ষেপকে স্বাগত জানিয়ে সড়কের কাজের মান বজায় রাখতে নিয়মিত তদারকির দাবি জানিয়েছেন।