
নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কয়েকজন নেতা–কর্মী কৃষকের পাকা ধান কেটে দিচ্ছেন—এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায়।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, সীমান্তবর্তী হালুয়াঘাট উপজেলার একটি ধানখেতে ছাত্রলীগের ১০-১২ জন নেতা-কর্মী ছাত্রলীগের লোগো সম্বলিত সাদা টি-শার্ট পরে এবং মাথায় গামছা বেঁধে কৃষকের ধান কেটে দিচ্ছেন। এ সময় তারা বিভিন্ন ধরনের স্লোগানও দেন।
এ বিষয়ে হালুয়াঘাট উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাদ আরাফাত জয় বলেন, বর্তমান সময়ে ধান কাটার শ্রমিক সংকট ও অতিরিক্ত মজুরির কারণে কৃষকরা বিপাকে পড়েছেন। বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এবং ময়মনসিংহ জেলা ছাত্রলীগ সভাপতি মো. আল আমিনের নির্দেশনায় তারা অসহায় কৃষকদের পাশে দাঁড়িয়েছেন।
তিনি আরও বলেন, “আমরা অতীতেও সাধারণ মানুষের পাশে ছিলাম, ভবিষ্যতেও জনগণের যেকোনো সংকটে পাশে থাকব ইনশাআল্লাহ।”
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর হালুয়াঘাট উপজেলা ছাত্রলীগের নেতারা আত্মগোপনে চলে যান। সংগঠনটির কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পর প্রকাশ্যে তাদের তেমন কোনো কর্মসূচি দেখা যায়নি। তবে বিভিন্ন জাতীয় দিবস ও দলীয় কর্মসূচিতে জেলার বিভিন্ন স্থানে স্বল্প সময়ের ঝটিকা কার্যক্রম পরিচালনা করতে দেখা গেছে।
নাম প্রকাশ না করার শর্তে ছাত্রলীগের জেলা পর্যায়ের এক নেতা বলেন, সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পর পুলিশ ও ক্ষমতাসীন দলের নেতাদের চাপের কারণে তারা এলাকায় স্বাভাবিকভাবে থাকতে পারছেন না। এরপরও বিভিন্ন সময় সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে অংশ নিচ্ছেন তারা।
তিনি বলেন, “গত দেড় বছরে বিভিন্ন স্থানে মানুষের উপকারে আসে—এমন কাজ করেছি। ধীরে ধীরে এসব কার্যক্রম আরও বাড়ানো হবে। ভবিষ্যতে প্রকাশ্যেও করার চেষ্টা থাকবে।”
Bartashindhu.com
M.H. - Rakib
© স্বত্ব সংরক্ষিত © বার্তা সিন্দু ডট কম